আমাদের বেশিরভাগেরই প্রিয় ব্রাউজার ফায়ারফক্স। দূর্ভাগ্যজনকভাবে, কিছুদিন ব্যবহার করলে বা অনেক প্লাগ-ইন ইনস্টল করলে এটা ধীরগতির হয়ে যায়। কয়েকদিন নিয়মিত ব্যবহার করলে বিভিন্ন কারণে ফায়ারফক্সের ডিস্ক ক্যাশ বিশাল আকারের হয়ে যায়, এর ডেটাবেইজে প্রচুর ফালতু ইনফর্মেশন জমা হয়ে যায়। পরে হার্ড ডিস্কের ক্যাশ ক্লিয়ার করলেও খুব বেশি লাভ হয়না। তাছাড়া, বাংলাদেশের সুপার-স্লো নেট কানেক্সনের কারণে সবাই ক্যাশ ক্লিয়ার করতেও খুব একটা আগ্রহী নন।
অনেকেই হয়তো জানেন, সব জনপ্রিয় অপারেটিং সিস্টেমই র্যামডিস্ক করার সুবিধা দেয়। র্যামডিস্ক কোন ফিজিকাল ডিস্ক নয়, সিস্টেম র্যামকেই ডিস্কের মত ব্যবহার করা হয়। ধরুন, আপনার ১ গিগা র্যাম আছে, এখান থেকে ১২৮ মেগ নিয়ে র্যামডিস্ক বানালেন। তাহলে একটা নতুন পার্টিশন পাবেন ১২৮ মেগ সাইজের, আর আপনার সিস্টেম মেমরী দেখাবে (১০২৪-১২৮=) ৮৯৬ মেগ।
হার্ড-ডিস্কের চাইতে র্যাম এ্যাক্সেস কয়েকশ গুণ দ্রুততর – এই মূলনিতী মাথায় রেখে আপনিও আপনার ফায়ারফক্সের ক্যাশ র্যামডিস্কে স্থানান্তরিত করলে…
না কয়েকশগুণ না, তবে চোখে পড়ার মত স্পীড ইম্প্রুভমেন্ট পাবেন।লিনাক্সে র্যামডিস্ক বানানোর বেশ কিছু পদ্ধতি আছে। আগে ramdisk নামেই পার্টিশন বানানো যেতো। ইদানীং (সম্ভবত: ২.৪ পরবর্তী ভার্শনের) কার্ণেলে tmpfs নামে নতুন র্যামডিস্ক প্রযুক্তি যোগ করা হয়েছে (এটা পুরণো র্যামডিস্ক থেকে অনেক শক্তিশালী)।
যাই হোক, আমরা এবার ফায়ারফক্সের ডিস্ক ক্যাশ-কে র্যামডিস্কে পাঠানোর ব্যবস্থা করি।
১) প্রথমে ফায়ারফক্সের এ্যাড্রেস বারে about:config লিখে সেটাপ পেইজে যান।
এখানে browser.cache.disk.capacity বদলাতে পারেন। আপনি যত মেগ র্যাম ব্যবহার করতে চান সে নাম্বারটি এখানে দিন – ডিফল্ট সম্ভবত: ৫০০০০ থাকে (৫০মেগ), চাইলে এটা বাড়াতে বা কমাতে পারেন। আপনার পিসির র্যাম যদি ১ গিগ বা তার কম হয় তাহলে এটার ভ্যালু কমিয়ে ২০০০০ (২০ মেগ) করে দিতে পারেন।
browser.safebrowsing.enabled এবং browser.safebrowsing.malware.enabled এই দু’টো অপশনে false লিখুন। এই সেটিংসদু’টো ‘urlclassifier*.sqlite’ ফাইলগুলোকে ডিজেবল করে দেবে। urlclassifier হলো একটি ডেটাবেইজ, এটাতে বিভিন্ন সন্দেহজনক ম্যালওয়্যার/ফিশিং সাইট (যেমন বিডিনিউজ, দৈনিক সমকাল, যুগান্তর
)
সম্পর্কে তথ্য রাখে। এটা ডিজেবল করে দিলে খুব একটা সমস্যা হবেনা, তবে এটা
এনাবল করে রেখে দিলে ডেটাবেজটি খুব তাড়াতাড়ি বিরাট সাইজের হয়ে যায়
(আমার ডেটাবেজটি প্রায় ৭৭ মেগ)। নির্ভর করছে আপনার ওপর – মেশিনে যদি ১
গিগার বেশি র্যাম থাকে, তাহলে বড় সাইজের র্যামডিস্ক বানাতে পারেন –
সেক্ষেত্রে ডিজেবল না করলেও চলবে।উপরের স্টেপগুলো করা হয়ে গেলে এবার ফায়ারফক্সের ক্যাশ ক্লিয়ার করে ব্রাউজার বন্ধ করে দিন।
আপনি যদি urlclassifier ডেটাবেজ ডিজেবল করে থাকেন তাহলে ফায়ারফক্সের প্রোফাইল ডিরেক্টরীতে ঢুকুন। প্রোফাইল ডিরেক্টরী সাধারণত: হিডেন থাকে (/home/username/.mozilla/firefox) – দেখার জন্য নটিলাসে হিডেন ফাইল ভিউ করার অপশন চেক করুন বা সরাসরি শেল-এ /home/username/.mozilla/firefox ফোল্ডারে ঢুকে পড়ুন। ঐ ফোল্ডারে দেখবেন abc1234xyz.default এই ধরণের নামে একটি ফোল্ডার আছে – এটা হলো আপনার আসল প্রোফাইল ফোল্ডার। এটার নাম মনে রাখতে হবে। আপাতত: *.default ফোল্ডারটিতে ঢুকে urlclassifier3.sqlite ফাইলটি খুজে বের করে ডিলিট করে দিন।
২) এবার কমান্ড শেল-এ গিয়ে ফায়ারফক্সের প্রোফাইল ডিরেক্টরীতে যান এবং পুরো প্রোফাইলের tar আর্কাইভ বানান:
$ cd .mozilla/firefox
$ tar cpf packed.tar abcd1234.default
৩) এবার আসুন নতুন র্যামডিস্ক তৈরী করি। এর জন্য /etc/fstab এডিট করতে হবে:
gksudo gedit /etc/fstab
ফাইলের শেষে নীচের লাইনটি এ্যাড করুন:
firefox /home/username/.mozilla/firefox/abcd1234.default tmpfs size=128M,noauto,user,exec,mode=0777 0 0
এরপর কম্পিউটার রিবুট করুন। রিস্টার্ট করলে /home/username/.mozilla/firefox/abcd1234.default ফোল্ডারে র্যামডিস্ক তৈরী হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, tmpfs তার নামে মতোই কাজ করে – ফোল্ডারে কোন ফাইল বানালে সেটা টেম্পোরারী ফাইল হবে। র্যামডিস্কটি আনমাউন্ট করলে বা কম্পিউটার রিস্টার্ট করলে ফোল্ডারের সব ডাটা হারিয়ে যাবে!

চিন্তার কিছু নাই। এটারও চিকিৎসা আছে!
৪) একটি টেক্সট এডিটরে গিয়ে নীচের কোডটি লিখুন:
#!/bin/bash
PROFILE="abcd1234.default"
cd "${HOME}/.mozilla/firefox"
if test -z "$(mount | grep -F "${HOME}/.mozilla/firefox/${PROFILE}" )"
then
mount "${HOME}/.mozilla/firefox/${PROFILE}"
fi
if test -f "${PROFILE}/.unpacked"
then
tar --exclude '.unpacked' -cpf packed.tmp.tar "$PROFILE"
mv packed.tar packed.tar.old
mv packed.tmp.tar packed.tar
else
tar xpf packed.tar &&\
touch "${PROFILE}/.unpacked"
fi
উপরের স্ক্রিপ্টটি .pack_ffox.sh (বা আপনার পছন্দ মত যেকোন) নামে হোম ফোল্ডারে সেইভ করুন। এরপর ফাইলটির এক্সিকিউট বিট অন করে দিন:
chmod a+x ~/.pack_ffox.sh
~/.pack_ffox.sh
সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চাইলে স্ক্রিপ্টটি একটু পর পর (যেমন ৫ মিনিট অন্তর) চালাতে পারেন। নিজে কষ্ট করতে না চাইলে ক্রণট্যাবে স্ক্রিপ্টটি এ্যাড করে দিতে পারেন। ক্রণ ফাইলটি এডিট করুন (ন্যানো এডিটর দিয়ে করলে সবচেয়ে সোজা):
# crontab -u USERNAME -e
export EDITOR=gedit
*/5 * * * * $HOME/.pack_ffox.sh
ব্যস, সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ফায়ারফক্স এখন থেকে র্যামডিস্ক ব্যবহার করবে।
এবার বুকে ফু দিয়ে ফায়ারফক্স অপেন করুন….

